২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই রায় ঘোষণা করে। এর মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল থাকে।
রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয় ১৭ জুলাই। এরপর ৩১ জুলাই, ১৯, ২০ ও ২১ আগস্ট টানা শুনানি শেষে রায়ের জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে, ২০২৫ সালের ১২ জানুয়ারি বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট জানায়, একুশে আগস্ট মামলার বিচার আইনসম্মত ছিল না এবং অভিযোগপত্রটি গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দিয়েছিল।
বিচারিক আদালতের রায়
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এছাড়া মামলায় আরও অনেক আসামি পলাতক ছিলেন, যাদের বিরুদ্ধেও সাজা দেওয়া হয়েছিল।
হামলার পটভূমি
২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ কয়েক শত নেতাকর্মী আহত হন। অনেকে পঙ্গু হয়ে যান।



