দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
এর আগে গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২৫২ টাকা, যা প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ।
সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গত ১০ দিন ধরে সরবরাহ সংকটের কারণে বাজারে বিইআরসি নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সংকটের মধ্যে খোলা বাজারে আজ ১২ কেজির একটি সিলিন্ডার প্রায় ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিমাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম, ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। এবার আমদানিকারকদের দেওয়া প্রিমিয়াম বেড়ে যাওয়ায় এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে—এমন ধারণা আগে থেকেই ছিল।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। তবে খুচরা বাজারে একই সিলিন্ডার প্রায় ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হওয়ায় নির্ধারিত দামের সঙ্গে বাজারদরের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ৫৬৩ টাকা। ফলে বিইআরসির নির্ধারিত দামের চেয়ে একজন ভোক্তাকে সিলিন্ডারপ্রতি প্রায় ৫৬৩ টাকা বেশি গুনতে হচ্ছে।



