tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন উপকূলে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ, নিখোঁজ ৬

মার্কিন উপকূলে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ, নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে মার্কিন কোস্ট গার্ড। বিমানটিতে থাকা ছয়জনের সন্ধানে রাতভর এবং রোববার (৪ অক্টোবর) পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) ভোরে বারমুডা থেকে বোস্টনগামী একটি গালফস্ট্রিম জেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মার্কিন কোস্ট গার্ডকে জানায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর নানটাকেটের উপকূলীয় এলাকায় নিখোঁজ বিমানটির সঙ্গে সংশ্লিষ্ট ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়।

বিমানটি কানাডায় নিবন্ধিত ছিল। চারজন ক্রু ও দুই যাত্রী নিয়ে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করে এটি। কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন জানিয়েছেন, বিমানে থাকা চারজনই কানাডার নাগরিক। অন্য দুই আরোহী বারমুডার নাগরিক বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন বিমানটি স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বারমুডা ছাড়ে। উড্ডয়নের পর বেশির ভাগ সময় প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল এটি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৩ হাজার ফুট নিচে নেমে যায়।

দুর্ঘটনার আগে বিমানটির শেষ মুহূর্তের যোগাযোগের একটি অডিও রেকর্ডিংও প্রকাশ পেয়েছে। এতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে পাইলটকে জিজ্ঞাসা করতে শোনা যায়, তিনি ‘দৃষ্টিসীমা ছাড়া’ অবতরণের চেষ্টা করছেন কি না। তবে রেকর্ডিংয়ে পাইলটের বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়নি। পরে কন্ট্রোলার নিশ্চিত করেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে পাইলট জরুরি পরিস্থিতির ঘোষণা দিয়েছিলেন।

বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট জানিয়েছেন, নিখোঁজদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ছয় আরোহীকেই নিরাপদে খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স মূলত মেডিকেল ইভাকুয়েশন ও জরুরি চিকিৎসা পরিবহন সেবা দিয়ে থাকে। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা