খুলনা মহানগরীর লবণচরা এলাকায় মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের চার মাস পর সাবেক জামাইয়ের গুলিতে শ্বশুর আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম ইকবাল শেখ (৪৬)। স্থানীয়দের দাবি, তিনি খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে ইকবাল শেখকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তাঁর বাঁ পায়ে গুলি লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।



