সৌদি আরবের মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রবিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। পবিত্র মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র স্থান ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির অংশ। এ ধরনের হামলা শুধু বেসামরিক নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যে ফেলে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে—এমন যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



