tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পের নতুন মুখপাত্র কে এই বেনি হারমোনি?

ট্রাম্পের নতুন মুখপাত্র কে এই বেনি হারমোনি?

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ থেকে ক্যারোলিন লেভিট সরে দাঁড়ানোর এক মাসেরও বেশি সময় পর সাংবাদিক বেনি রে হারমোনিকে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৪ বছর বয়সী হারমোনি এর আগে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকেই হোয়াইট হাউসের নতুন দায়িত্বে কাজ শুরু করবেন তিনি।

হারমোনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে এই সুযোগ দেওয়ায় এবং আস্থা রাখায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক্সে দেওয়া বার্তায় হারমোনি বলেন, হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর সিনিয়র হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে প্রশাসনের কার্যক্রম কভার করা, সফরে অংশ নেওয়া এবং সংবাদ পরিবেশন করাকে তিনি সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তার লক্ষ্য ছিল এমন প্রশ্ন করা, যা সাধারণ আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরা। নতুন দায়িত্বে আমেরিকান জনগণের সেবা এবং ‘আমেরিকান ড্রিম’-এর জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়ও জানান তিনি।

‘মাগা’ আন্দোলনের বিশ্বস্ত কণ্ঠস্বর

সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের সময় হারমোনিকে ‘মাগা’ আন্দোলনের একজন বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছিলেন হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি।

টিএমজেডকে কেলি বলেন, সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে হারমোনি ট্রাম্পের দলে চমৎকার সংযোজন। তাকে হোয়াইট হাউসের দলে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

কে এই বেনি রে হারমোনি?

সাবেক সাংবাদিক বেনি রে হারমোনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইলিনয়ের স্প্রিংফিল্ডে সংবাদ উপস্থাপকের চাকরি ছেড়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন।

স্প্রিংফিল্ডে কর্মরত থাকার সময় রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যুর পর অন-এয়ারে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানানোর কারণে সাময়িক বরখাস্ত হয়েছিলেন হারমোনি। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কার্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা ভিডিও মুছে ফেলতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। ভিডিওটি প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তিনি পদত্যাগ করেন।

নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে হারমোনি বলেন, তিনি এমন পরিস্থিতি মেনে নিতে পারেননি, যেখানে কোনো ব্যক্তির প্রতি নিজের শ্রদ্ধা বা গুরুত্বের কথা প্রকাশ করার সুযোগ থাকবে না।

এর আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-তে কাজ করেছেন হারমোনি। ফক্স নিউজের তথ্য অনুযায়ী, এটি একটি রক্ষণশীল রাজনৈতিক সংগঠন, যা চার্লি কার্ক মাত্র ১৮ বছর বয়সে প্রতিষ্ঠা করেছিলেন।

ক্যারোলিন লেভিট এখন কোথায়?

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে পরিচিত মুখ ছিলেন ক্যারোলিন লেভিট। পরিবারের সঙ্গে সময় কাটাতে গত আগস্টে তিনি পদটি থেকে সরে দাঁড়ান। তিনিই ছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে দায়িত্ব নেওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি।

লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প বলেছিলেন, তিনি তার সিদ্ধান্তকে পুরোপুরি বোঝেন ও সম্মান করেন। একই সঙ্গে লেভিটকে নিজের অন্যতম শীর্ষস্থানীয় বাহ্যিক উপদেষ্টা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি আরও বলেন, রিপাবলিকান পার্টির মধ্যে লেভিট একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন।

সূত্র: এনডিটিভি