রাজধানীর বনশ্রীতে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (বয়স প্রায় ৬৫) নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা মো. হাসানসহ কয়েকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. হাসান বলেন, “রাতে ফরাজী হাসপাতালের সামনে অজ্ঞাত এক নারীকে পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে অবহিত করা হয়েছে; তাদের প্রযুক্তিগত সহায়তায় বিষয়টি নিশ্চিত করা হবে।



