নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মো. আশরাফ হোসেন নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেন পূর্ব গোপালনগর বক্তাবলী এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেরিতে যানবাহন পারাপারের বিষয়টি তদারক করছিলেন আশরাফ। এ সময় একটি কাভার্ডভ্যান পেছনের দিকে সরে গিয়ে তার পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে তাকে চেপে ধরে। এতে দুই ভারী যানবাহনের মাঝখানে আটকা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
নৌ-পুলিশের বক্তাবলী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সেলিমুজ্জামান জানান, ফেরিঘাটে দায়িত্ব পালনের সময় দুটি গাড়ির মাঝখানে চাপা পড়ে আশরাফ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



