চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস এলাকায়, বিএম কনটেইনার ডিপোর কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. জায়েদ জানান, সকালে তিনি কয়েকজনের সঙ্গে বিএম কনটেইনার ডিপো এলাকায় চট্টগ্রামমুখী রেললাইনের পাশে বসে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ছাদে ওই কিশোরকে হাঁটতে দেখা যায়। কিছুক্ষণ পর অসাবধানতাবশত সে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার পিপুল চাকমা জানান, গুরুতর আহত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



