উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলন দুই সপ্তাহে গড়িয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কারণে বিশ্ব শিক্ষক দিবসেও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে ছিল না স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে একটি মৌন র্যালি বের করে তারা শহীদ মিনার প্রাঙ্গণে যান। সেখানে অবস্থান নিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম বলেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতেই তাদের এই আন্দোলন। দাবি আদায়ের অংশ হিসেবে বিশ্ব শিক্ষক দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো ভাঙচুর কিংবা সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হয়নি। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যাতে দীর্ঘায়িত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তাদের দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আন্দোলনে সংহতি জানিয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, বিশ্ব শিক্ষক দিবসে সাধারণত শিক্ষকদের সঙ্গে শ্রেণিকক্ষে থাকার কথা শিক্ষার্থীদের। কিন্তু আন্দোলনের ১৪তম দিনেও তাদের শিক্ষকদের সঙ্গে রাস্তায় অবস্থান করতে হচ্ছে। দ্রুত এই অচলাবস্থার অবসান হবে—এমন প্রত্যাশা থেকেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির সঙ্গে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন।
মানববন্ধন শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে উপস্থিত শিক্ষকদের হাতে গোলাপ ফুল তুলে দেন এবং শুভেচ্ছা জানান।



