tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা, ভোট ২৯ নভেম্বর

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা, ভোট ২৯ নভেম্বর

তীব্র আবাসন সংকট এবং এ নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যে আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

নির্ধারিত সময়ের ছয় মাসেরও বেশি আগে সংসদ ভেঙে দিয়ে এ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানী মাদ্রিদের সরকারি বাসভবন থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে সানচেজ জানান, তার সরকারের প্রস্তাবিত আবাসন সংকট মোকাবিলায় জরুরি আইনগুলো সংসদে পাস না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আবাসন সংকট ঘিরে বিক্ষোভ

স্পেনে দীর্ঘদিন ধরে চলা আবাসন সংকট সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। মাদ্রিদের ৮৭ বছর বয়সী এক বৃদ্ধা মারিকারমেনকে ভাড়া বৃদ্ধির কারণে দীর্ঘদিনের বাসা থেকে উচ্ছেদের ঘটনা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।

ঘটনাটিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী মাদ্রিদের প্রধান চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে তাঁবু গেড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এদিকে বিরোধী ডানপন্থী দলগুলো সংসদে সরকারের প্রস্তাবিত আবাসন সংস্কারসংক্রান্ত উদ্যোগ আটকে দেওয়ায় আইনগুলো পাস করা কঠিন হয়ে পড়ে।

নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ

বিশ্লেষকদের মতে, আবাসন সংকটকে নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু করে রাজনৈতিক সমর্থন পুনরুদ্ধারের লক্ষ্যেও আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন প্রধানমন্ত্রী সানচেজ।

তবে জনমত জরিপে বিরোধী কনজারভেটিভ পপুলার পার্টি কিছুটা এগিয়ে থাকায় নির্বাচনের ফলাফল স্পেনের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন