tanaka
প্রচ্ছদজাতীয়শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দেশের হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবসরের পর মাসের পর মাস, এমনকি বছরের পর বছর নিজেদের প্রাপ্য অর্থের জন্য ভোগান্তির শিকার হন। অনেকে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও অবসর ও কল্যাণসুবিধার অর্থ হাতে পান না। এ নিয়ে শিক্ষকসমাজে দীর্ঘদিন ধরে হতাশা ও ক্ষোভ রয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন শিক্ষক কর্মরত অবস্থায় থাকুন কিংবা অবসর জীবনে—মহান এই পেশার কারণে তিনি আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়। তাই শিক্ষকদের বেতন ও অবসরভাতা পেতে যেন অফিসে গিয়ে ভোগান্তির শিকার হতে না হয়, সে জন্য যথানিয়মে ও যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষার মানোন্নয়ন ও একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্যের শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষকসমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।