পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লং মার্চের দ্বিতীয় দিনে কারক থেকে কোহাটের উদ্দেশে যাত্রা শুরু হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) লাক্কি মারওয়াত থেকে শুরু হওয়া লং মার্চটি কারকে রাতযাপন শেষে এখন কোহাটের দিকে এগোচ্ছে।
কোহাটে যাত্রাবিরতি ও দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর লং মার্চটি পেশোয়ারের দিকে রওনা হবে। চারসদা ও সোয়াবিতে পৌঁছানোর পর পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লং মার্চ
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই লং মার্চের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা এখনো আলোচনায় বসতে প্রস্তুত। তবে প্রদেশের আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খাইবার পাখতুনখাওয়া সরকারকে আস্থায় নিতে হবে।
এদিকে সরকারের সঙ্গে আগের আলোচনা কেন ব্যর্থ হয়েছে, তা পর্যালোচনা করতে ইসলামাবাদে পিটিআইয়ের রাজনৈতিক ও কোর কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দলটির মধ্যস্থতাকারীরা জানান, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, তার চিকিৎসা এবং কয়েকটি প্রাদেশিক বিষয় নিয়ে সরকারের সঙ্গে মূলত মতপার্থক্য তৈরি হয়েছিল।
সরকার লং মার্চ স্থগিত করার শর্তে দুজনকে সাক্ষাতের অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে পিটিআই তা মেনে নেয়নি। শেষ পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে কি না, সে সিদ্ধান্ত দলীয় কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার
অন্যদিকে, পিটিআইয়ের লং মার্চকে কেন্দ্র করে রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে কনটেইনার বসানোর পাশাপাশি আদিয়ালা কারাগারের আশপাশের সড়কেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে বর্তমানে শহরের সব সড়ক খোলা রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে।
সূত্র: সামা টিভি



