tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকচ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ৭৭ বছরের ভারতীয়

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ৭৭ বছরের ভারতীয়

বিমানে বসে চ্যাটজিপিটির সহায়তায় ব্যবসার পরিকল্পনা করছিলেন ভারতের ৭৭ বছর বয়সী এক ব্যক্তি। তবে তার ব্যবসায়িক পরিকল্পনার চেয়েও বেশি নজর কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই টুলকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করার বিষয়টি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির নাম ভিবিআর প্রসাদ। তিনি ইন্ডিগোর একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন। এ সময় পাশের আসনে থাকা এক তরুণ যাত্রী তার কর্মকাণ্ড লক্ষ্য করেন। পরে ‘টেকনোসর’ নামে পরিচিত ওই ব্যক্তি প্রসাদের ছবি ও চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে কয়েক মিলিয়নবার দেখা হয়।

পোস্টে ওই যাত্রী লেখেন, ‘আমার ফ্লাইটে ৭৭ বছর বয়সী এক দাদু উড্ডয়নের আগ পর্যন্ত চ্যাটজিপিটি দিয়ে ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করছিলেন। আর তিনি এআইকে স্যার বলে ডাকছেন।’

প্রসাদের কথোপকথনের একটি অংশে দেখা যায়, মাত্র কয়েকটি বাক্যের মধ্যেই তিনি তিনবার চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। এক পর্যায়ে তিনি লেখেন, ‘দারুণ পরামর্শ, স্যার। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসব, স্যার। আমাকে দুটি ফাইল ডাউনলোড করতে দিন, স্যার।’

ব্যবসার পরিকল্পনায় চ্যাটজিপিটির সহায়তা

জানা গেছে, ভার্টিক্যাল ফার্মিং নিয়ে নিজের ব্যবসায়িক ধারণাকে আরও পরিমার্জন করতে চ্যাটজিপিটির সহায়তা নিচ্ছিলেন প্রসাদ। তার কর্মকাণ্ড দেখে ওই সহযাত্রী তাকে ৭৭ বছর বয়সেও তরুণদের চেয়ে বেশি সক্রিয় ও কাজে মনোযোগী হিসেবে প্রশংসা করেন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রসাদ নিজেও এক্সে প্রতিক্রিয়া জানান। মানুষের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি আনন্দিত বলে জানান। নিজের জনপ্রিয়তার জন্য ওই সহযাত্রীকেও ধন্যবাদ জানান তিনি।

‘সবকিছুই আমাদের হাতে’

এআই ব্যবহারের বিষয়ে প্রসাদের একটি মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। তিনি বলেন, ‘আমাদের জীবনকে আরও ভালো করার জন্য এআই ব্যবহার করা। সবকিছুই আমাদের হাতে।’

চ্যাটজিপিটিকে সম্মান দেখিয়ে ‘স্যার’ সম্বোধন করা এবং এআইকে ইতিবাচক কাজে ব্যবহারের এই মনোভাব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে। কেউ তাকে ‘অনুপ্রেরণাদায়ী’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ মজা করে লিখেছেন, ভবিষ্যতে এআই যদি মানুষের বিরুদ্ধে যায়, প্রসাদের ভদ্রতার কারণে হয়তো তাকে রেহাই দেবে।