দীর্ঘদিন ধরে মাজার ভাঙার বিরুদ্ধে লড়াই করে আসছেন উল্লেখ করে বিশিষ্ট লেখক, কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, “দুঃখজনক যে সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না। এভাবে আর চলতে পারে না।” সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার জানান, বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে ভক্তদের ওপর বর্বর হামলার প্রতিবাদে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধুগুরুভক্ত ও ওলি–আওলিয়া আশেকান পরিষদ’ একটি প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছে।
তিনি আরও বলেন, যারা মহান আল্লাহ তায়ালার নির্দেশ অনুযায়ী গায়েবে ঈমান এনেছেন, যারা নিজের নফস, লোভ-লালসা, হিংসা-দ্বেষ ও অপরকে ক্ষতিসাধনের বাসনা থেকে মুক্ত; যারা বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে আল্লাহর রসুলের মারফত নাজিল হওয়া ওহিকে নশ্বর জীবনের একমাত্র পথনির্দেশক হিসেবে গ্রহণ করেন—এই প্রতিবাদ ও সমাবেশ তাদের সবার জন্য।
সবাইকে এই প্রতিবাদসভা ও সরকারকে স্মারকলিপি প্রদানের সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, সমাজকে এগিয়ে নিতে যারা নিজের বিবেক, বুদ্ধি ও সামাজিক চেতনায় বিশ্বাসী—ধর্ম, বিশ্বাস, আস্তিক বা নাস্তিক নির্বিশেষে—এই সমাবেশ তাদের জন্যও উন্মুক্ত।



