tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপ্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ, জবাব চেয়েছেন সুপ্রিম কোর্ট

প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ, জবাব চেয়েছেন সুপ্রিম কোর্ট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এককভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগ করছেন কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ বিষয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত জবাব চেয়েছেন সর্বোচ্চ আদালত।

একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে ভোটার তালিকা প্রস্তুত ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনারের অন্তত ১৪টি বিষয়ে মতবিরোধ বা আপত্তি ছিল। এর পর বিষয়টি নিয়ে আইনি প্রশ্ন তুলে পাটনার এক বাসিন্দা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন।

সংবাদ প্রতিবেদন নিয়ে আদালতের পর্যবেক্ষণ

শুনানিতে আদালত স্পষ্ট করে দিয়েছেন, শুধু সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া সম্ভব নয়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী সব সদস্যের সম্মতিতে অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া উচিত। কোনো সিদ্ধান্ত নিয়ম লঙ্ঘন করে এককভাবে নেওয়া হয়েছে বলে প্রমাণিত হলে, সেটি স্থগিত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

অভিযোগ অস্বীকার নির্বাচন কমিশনের

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, কাজের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা, মতামত ও ভিন্নমত থাকা স্বাভাবিক। এসব মতপার্থক্যকে বড় ধরনের প্রাতিষ্ঠানিক বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই।

এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

সূত্র: এনডিটিভি