ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সর্বশেষ বৈঠকে (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, রাজধানীর রাজউকের পূর্বাঞ্চল নিউ সিটি প্রজেক্টে অবস্থিত ১০ কাঠা ৮ ছটাক ৪৬ বর্গফুট আয়তনের একটি জমি ৩ কোটি ২৯ লাখ টাকায় ক্রয় করেছিল কোম্পানিটি। এখন ওই জমিটি ৭ কোটি টাকায় বিক্রির পরিকল্পনা করছে তারা। এতে কোম্পানির সম্ভাব্য মুনাফা হবে ৩ কোটি ৭১ লাখ টাকা।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, জমি বিক্রির এ মুনাফা পরবর্তী অর্থবছরের আর্থিক প্রতিবেদনে যুক্ত হবে, যা শেয়ারপ্রতি আয়ে (EPS) ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে জমি বিক্রির প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্পত্তি বন্ধক রেখে সাউথইস্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল। ফলে বিক্রির জন্য ব্যাংকটির অনুমোদনের পাশাপাশি রাজউকের অনুমতিও প্রয়োজন হবে।
এ বিষয়ে কোম্পানির সচিব মোহাম্মদ মরুফ বিন ওয়ালি ঢাকা পোস্টকে বলেন, “আমাদের এই জমি সাউথইস্ট ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল। তাই বিক্রির জন্য ব্যাংকের অনুমোদন লাগবে। রাজউকের সম্মতিও নিতে হবে। বিক্রির অর্থ থেকে একটি অংশ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।”
উল্লেখ্য, শেফার্ড ইন্ডাস্ট্রিজ সাম্প্রতিক বছরগুলোতে আর্থিকভাবে চাপের মধ্যে রয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি সীমিত পরিমাণে লাভ করলেও আগের পাঁচ অর্থবছরের মধ্যে তিন বছরে লোকসান গুনেছে।
এদিকে জমি বিক্রির খবরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। সংবাদটি প্রকাশের পর কোম্পানির শেয়ারদরে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গতকাল যেখানে শেয়ারের দাম ছিল ১৭ টাকা ৪০ পয়সা, আজ লেনদেনের এক পর্যায়ে তা বেড়ে ১৮ টাকায় পৌঁছায়।



