ভুয়া আইডি, নকল ছবি ও সাইবার প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। সাধারণ ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে বিনা মূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার পরিকল্পনা করছে মেটা। এর মাধ্যমে সহজেই বোঝা যাবে, কোনো অ্যাকাউন্ট সত্যিকারের ব্যক্তির নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া পরিচয়ের।
তবে মেটার পেইড সার্ভিস ‘মেটা ভেরিফায়েড’-এর মতো এই ব্যাজের জন্য কোনো অর্থ দিতে হবে না। নির্দিষ্ট শর্ত পূরণ করে সাধারণ ব্যবহারকারীরা বিনা মূল্যে এই সুবিধা পাবেন।
নতুন এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে নির্ধারিত প্রক্রিয়ায় নিজের একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর ফেসবুক ওই ভিডিওর সঙ্গে অ্যাকাউন্টের প্রোফাইল ছবি ও অন্যান্য তথ্য মিলিয়ে পরিচয় যাচাই করবে।
তবে ভেরিফায়েড ব্যাজ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—
১. ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২. অ্যাকাউন্টটি ফেসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ মেনে সক্রিয় থাকতে হবে।
৩. অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের পূর্ব ইতিহাস থাকলে এই সুবিধা পাওয়া যাবে না।
৪. ফেসবুক পেজ ও প্রফেশনাল মোডে থাকা অ্যাকাউন্ট এই বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজের আওতায় থাকবে না।
৫. মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
পরিচয় যাচাই সফল হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও এই ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।
বর্তমানে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।



