রাজধানীর ফকিরাপুলে পালক ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরাপুলের কোমর গলির একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম বুলবুল আহমেদ রুবেল (৩৩)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামের বাসিন্দা এবং মৃত আজিজ ভুঁইয়ার ছেলে। বুলবুল একজন অটোরিকশা চালক ছিলেন। সৌদি আরব থেকে ফেরার পর গত ৫ বছর ধরে তিনি এ পেশায় নিয়োজিত ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ঘটনায় অভিযুক্ত পালক ভাইয়ের নাম রনি (৩৫)। নিহতের ছেলে আলিফ আহমেদ অনিক জানান, তার বাবা মূলত মুন্সিগঞ্জে থাকলেও কোমর গলির বাসায় তার দাদি, ছোট চাচা ও পালক চাচা রনি বসবাস করতেন। অনিক বলেন, “শৈশবে দাদি রনিকে পালক নেয়। সে একসময় মাদকাসক্ত ছিল এবং প্রায়ই পারিবারিক ঝগড়া করত। ঘুমের ব্যাঘাত ঘটলে দাদির ওপর হাত তুলত।”
তিনি আরও জানান, রোববার সকালে তাদের খালা পপি আক্তার একটি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে ওই বাসায় এলে রনির সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি জানার পর বুলবুল আহমেদ ও তার স্ত্রী মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসেন। এরপর পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।



