বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও বিল জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে প্রতিষ্ঠানপ্রধানদের ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিল সাবমিট করতে হবে।
মাউশি আরও জানিয়েছে, ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের জমা দেওয়া তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা না পেলে কিংবা নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি অর্থ পেলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে।
নির্দেশনায় অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়েও স্পষ্ট করা হয়েছে। অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী বেশি অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে জমা দেওয়া চালানের কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে মাউশি।



