tanaka
প্রচ্ছদরাজনীতিদুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

দুর্গাপূজার সময়ে বিজেপি-আরএসএসের এজেন্ডা বাস্তবায়ন করছে শিবির: আব্দুল কাদের

দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির বিজেপি ও আরএসএসের এজেন্ডা অনুযায়ী কাজ করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। তাঁর দাবি, শিবির সচেতনভাবে কিংবা না বুঝেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময়ে এমন কর্মকাণ্ডে জড়াচ্ছে, যা বিজেপি-আরএসএসের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেন, গত সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে মন্দির প্রাঙ্গণে গরুর মাংস রান্না এবং রান্নার কাজে মন্দিরের পরিত্যক্ত ইট ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে দূরদর্শী উল্লেখ করে আব্দুল কাদের বলেন, দুর্গাপূজাকে ঘিরে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে নেতিবাচক তৎপরতার আশঙ্কা থাকে। ভারতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এমন তৎপরতা আরও বাড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে দেশের ভেতরে তাদের কথিত সহযোগী এবং পতিত স্বৈরাচারও এ ধরনের উৎসব ও পরিস্থিতিকে কাজে লাগানোর সুযোগের অপেক্ষায় রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও বর্তমানে নাজুক। এমন পরিস্থিতিতে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে শিবির সংঘাতের পরিস্থিতি তৈরি করছে।

পোস্টের শেষাংশে আব্দুল কাদের বলেন, মন্দিরের সামনে গরুর মাংস রান্না ও মন্দিরের ইট ব্যবহারের মতো ঘটনার পর সংশ্লিষ্টদের অনুতপ্ত হওয়া এবং দুর্গাপূজার সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সহযোগিতামূলক আচরণ করা উচিত ছিল। কিন্তু তাঁর অভিযোগ, এর পরিবর্তে শিবির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ ধরনের কর্মকাণ্ড থেকে শিবিরকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনটি নিজে থেকে বিরত না হলে তাদের এমন তৎপরতা বন্ধে উদ্যোগ নিতে হবে।