দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও চীন। দুই দেশই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। পরে এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে চীনা দূতাবাস।
অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে চীনের সাফল্য উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হতে পারে। তিনি জানান, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ।
অন্যদিকে ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। তাঁর মতে, ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গড়ে তোলার যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চীনের এই প্রতিনিধি আরও বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে বেইজিংয়ের। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং বাস্তবভিত্তিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।



