রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে চলতি মাসেই ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এ কার্যক্রম শুরু হবে।
ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ চলমান রয়েছে। এসব স্টেশনের মধ্যে উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে ২০২৫ সালের ২০ জানুয়ারি এ কার্যক্রম শুরু হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
এমআরটি লাইন-১ প্রকল্পের ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডরে’ নেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যুক্ত রয়েছে। পাশাপাশি, নির্মাণকাজের সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এমআরটি লাইন-১ প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি রুট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে থাকবে ১২টি স্টেশন। এ রুটের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনের সংযোগ স্থাপিত হবে।



