tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিদেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: রাশেদ খান

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা ড. ইউনূস নষ্ট করে দিয়েছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, দল গঠনের প্রক্রিয়ায় সেটিকে ড. মুহাম্মদ ইউনূস গলা টিপে হত্যা করেছেন। তার দাবি, গত ১৮ মাসের অধিকাংশ সময় ড. ইউনূস এনসিপি গঠনের কাজেই ব্যয় করেছেন। এমনকি এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকেই তৈরি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, ড. ইউনূস একজনকে কথিত ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। রাশেদ খান দাবি করেন, ড. ইউনূসের সঙ্গে যতবার তার বৈঠকের সুযোগ হয়েছে, ততবারই তিনি সরকার ও প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তার ভাষ্য, কাছ থেকে ড. ইউনূসের ‘মিষ্টি কথার আড়ালে সংকীর্ণ মানসিকতা’ তিনি প্রত্যক্ষ করেছেন।

রাশেদ খান আরও অভিযোগ করেন, ড. ইউনূস নির্বাচন আয়োজনের পক্ষে ছিলেন না এবং বিএনপিকে জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বরং গত ১৮ মাসে জাতির সামনে ড. ইউনূসের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে।

পোস্টের শেষাংশে ড. ইউনূসকে ‘মিষ্টিভাষী ভিলেন’ উল্লেখ করে রাশেদ খান বলেন, যারা তাকে নায়ক মনে করেন, তারা ভুল করছেন। তার দাবি, ড. ইউনূসের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও পেশাগত জীবনের পরিচিতদের কাছে তার সম্পর্কে জানলেই বাস্তব চিত্র জানা যাবে। তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত লোভ সংবরণ করতে না পেরে তরুণদের ব্যবহার করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সুবিধা নিয়েছেন।

উল্লেখ্য, এসব অভিযোগ রাশেদ খানের ব্যক্তিগত ফেসবুক পোস্টে উত্থাপিত হয়েছে। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।