তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম।
তিনি বলেন, ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় একাধিক লাশ উদ্ধারের মতো কোনো ধারাবাহিক ঘটনা, হত্যাকাণ্ড বা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলাও দায়ের হয়নি।
এস এন নজরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করতে পুলিশ বিস্তৃত অনুসন্ধান চালিয়েছে। তবে তদন্তে দাবিগুলোর পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। একই বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক করে বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক এলাকাও পর্যালোচনা করা হয়েছে। সেখানেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো অভিযোগ, তথ্য বা ঘটনার সত্যতা নিশ্চিত করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
এ ধরনের গুজব বা যাচাই-বাছাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।



