বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দলের পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, তার নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বাসসকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা মোতায়েন থাকবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। দেশে ফেরার পর যাতায়াতের সময় তিনি পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা পাবেন। তার বাসভবন ও অফিসেও থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তার যাত্রাপথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমও প্রস্তুত থাকবে। স্বদেশ প্রত্যাবর্তনের দিন রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপি ইতোমধ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে।
প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতারা জানিয়েছেন, সেদিন ঢাকায় পৌঁছালে দলের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
সূত্র: বাসস।



