পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলায় সড়কের পাশে থাকা ওই চেকপোস্টে হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে চেকপোস্টে হামলা চালায় আত্মঘাতী বোমারু। বিস্ফোরণে চেকপোস্টটি ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পুলিশ জানিয়েছে, হামলায় নিহত ও আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এপি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার উল্লেখযোগ্য অংশের দায় স্বীকার করেছে টিটিপি এবং নিষিদ্ধ বালুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে মূলত সক্রিয় বিএলএ পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে।
টিটিপি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান থেকে পৃথক একটি সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে।
তবে পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল। আফগান তালেবান সরকার দাবি করে, তাদের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেওয়া হয় না।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস



