tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকা-ওয়াশিংটন পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

ঢাকা-ওয়াশিংটন পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও এ খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। আর যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

এর আগে গত ১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা–সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নের প্রস্তাব দেওয়া হয়।

তৎকালীন আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণের ইঙ্গিত দেন। তিনি বলেছিলেন, দেশের মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে—এমন যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি ও সম্পর্কের ক্ষেত্রে সরকার ইতিবাচক পদক্ষেপে বিশ্বাসী।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই হয়েছিল ১৯৮১ সালে। তবে ১৯৯১ সালের পর চুক্তিটি আর নবায়ন করা হয়নি। দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে এ ধরনের চুক্তি পুনরায় স্বাক্ষরিত হলো।

এ চুক্তি এমন এক সময়ে হলো, যখন রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক খাতে আন্তর্জাতিক সহযোগিতার পরিধি আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

মার্কিন পারমাণবিক জ্বালানি আইনের ১২৩ ধারার অধীনে বিভিন্ন দেশের সঙ্গে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে চুক্তি করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিকভাবে এসব চুক্তি ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৬টি দেশ ও সংস্থার সঙ্গে ওয়াশিংটনের এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় বিশ্বের অন্তত ৫০টি দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বজায় রেখে চলেছে যুক্তরাষ্ট্র।