tanaka
প্রচ্ছদসারাদেশমিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, এনডিএফের প্রতিবাদ

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, এনডিএফের প্রতিবাদ

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা ধ্বংসের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনাসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাতের বেলায় হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

তাদের মতে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা শুধু একটি স্থাপনার ক্ষতি নয়; এর মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারও ব্যাহত হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এনডিএফ নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বিপুলসংখ্যক ব্যক্তি প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় সরকারি টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনডিএফের নেতারা বলেন, হাসপাতাল বা অন্য কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাজনৈতিক দখল, পেশিশক্তি কিংবা মব-তৎপরতার জায়গা হতে পারে না। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

জনগণের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার এবং দখলদারিত্ব ও মব-তৎপরতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।