tanaka
প্রচ্ছদরাজধানীতিতুমীর কলেজে বিরোধের সংবাদ সংগ্রহে সাংবাদিককে মারধরের অভিযোগ

তিতুমীর কলেজে বিরোধের সংবাদ সংগ্রহে সাংবাদিককে মারধরের অভিযোগ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের বিরোধের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আব্দুর রহমান তালুকদারের ভাষ্য, টিউশন শেষ করে ক্যাম্পাসে ফিরে সেখানে শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা দেখতে পান তিনি। ঘটনাস্থলে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই চার-পাঁচজন তাকে মারধর শুরু করে। এ সময় হামলাকারীরা ‘ও সাংবাদিক সমিতির ওরে মার’ বলে চিৎকার করছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার সময় তার হাতে ফোন ছিল। সেখানে রাকিব নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন, যাকে তিনি আগে থেকেই ভালোভাবে চেনেন। তারাও তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন আব্দুর রহমান।

পরে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকের ওপর হামলার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনোভাবেই সাংবাদিকের ওপর হামলাকে সমর্থন করে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।