পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত মহাসমাবেশ ও লংমার্চ ঘিরে দলের নেতা-কর্মী ও ইমরান খানের স্বজনদের আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার বড় ছেলে সুলেমান খান। দেশটির ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পশ্চিমা দেশগুলোকে বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনে থাকা ২৯ বছর বয়সী সুলেমান খান ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কোনো কারণ না জানিয়ে গভীর রাতে পরিবারের নারী সদস্যদের আটক করা অত্যন্ত লজ্জাজনক। তার দাবি, এ ধরনের ঘটনা পাকিস্তানে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার চিত্র তুলে ধরছে।
পিটিআইয়ের রোববারের লংমার্চ ঠেকাতে সাম্প্রতিক সময়ে লাহোরে অভিযান চালিয়ে ইমরান খানের তিন বোন—আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে পুলিশ। একই সময়ে দলটির শত শত নেতা-কর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
সুলেমান খান পাকিস্তানের ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এদিকে পিটিআই রাজধানী ইসলামাবাদ অভিমুখে রোববার লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। দলটির নেতারা জানিয়েছেন, কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘ সময়ের বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আন্দোলন কয়েক দিন পর্যন্ত চলতে পারে।
লংমার্চ ও মহাসমাবেশ ঘিরে পিটিআই নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দলটির সংশ্লিষ্টরা। অন্যদিকে কর্মসূচি ঠেকাতে গ্রেফতার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।



