দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি কার্যকর হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে একই পরিমাণ কমানো হলো স্বর্ণের দাম।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৫৯ দফা।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল। ওই দিন প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এটিই দেশের ইতিহাসে ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে উল্লেখ করা হয়েছে।



