আর্থিক সংকট কাটিয়ে উঠতে সংস্কার করা ক্যাম্প ন্যুর ভিআইপি আসনকে কাজে লাগিয়ে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো রাজস্ব আয়ের পরিকল্পনা করছে বার্সেলোনা। এ লক্ষ্যে নতুন করে প্রায় ২ হাজার ভিআইপি আসনের দীর্ঘমেয়াদি লাইসেন্স বিক্রি করবে লা লিগার ক্লাবটি।
ক্লাবের পরিকল্পনা অনুযায়ী, এসব আসন ১৫ ও ৩০ বছর মেয়াদি লাইসেন্সের মাধ্যমে বিক্রি করা হবে। চুক্তি সম্পন্ন হওয়ার সময়ই ক্রেতাদের অর্থ পরিশোধ করতে হবে। বার্সেলোনা আশা করছে, আগামী আড়াই মৌসুমের মধ্যেই সব আসনের লাইসেন্স বিক্রি সম্পন্ন হবে।
তবে এই প্রক্রিয়ায় ৭০০ মিলিয়ন ইউরো একবারে ক্লাবের আয় হিসেবে যুক্ত হবে না। বরং লাইসেন্সের পুরো মেয়াদজুড়ে চুক্তি থেকে রাজস্ব পাবে বার্সেলোনা।
ভিআইপি আসন বাণিজ্য অবশ্য ক্লাবটির জন্য নতুন কোনো উদ্যোগ নয়। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ৩০ বছরের মেয়াদে ৪৭৫টি ভিআইপি আসনের লাইসেন্স বিক্রির চুক্তি করেছিল বার্সেলোনা। ওই চুক্তির আর্থিক মূল্য ছিল ১০০ মিলিয়ন ইউরো।
ক্লাবটির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ভিআইপি আসন বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়েছে। বিভিন্ন মেয়াদের এসব চুক্তির মাধ্যমে ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি রাজস্ব নিশ্চিত হয়েছে।
বার্সেলোনার সংস্কার পরিকল্পনা অনুযায়ী, সব কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোলে ২০২৮-২৯ মৌসুমে ক্যাম্প ন্যুর সংস্কার পুরোপুরি শেষ হওয়ার কথা। সেই হিসাবে নতুন ভিআইপি আসনের বাণিজ্যিকীকরণ শুধু অতিরিক্ত আয়ের পথ নয়, বরং ক্লাবটির দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।



