পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে সফলভাবে উড্ডয়ন করেছে এক ইঞ্জিনের উড়োজাহাজ সেসনা ক্যারাভান। দেশটির একটি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এই পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা এটিকে বিমান চলাচল প্রযুক্তিতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। পরে স্বয়ংক্রিয় প্রোগ্রামের মাধ্যমে নির্ধারিত রুট অনুসরণ করে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩ হাজার ১৯৯ মাইল পথ অতিক্রম করে।
পরীক্ষামূলক এই যাত্রায় উড়োজাহাজটি কয়েকটি নির্দিষ্ট স্থানে বিরতি নেয়। একই সঙ্গে পুরো পথে সম্ভাব্য বিভিন্ন প্রতিবন্ধকতা ও উড্ডয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, পাইলটবিহীন উড়োজাহাজের এই প্রযুক্তি ভবিষ্যতে দুর্গম ও বিপদসংকুল এলাকায় ত্রাণ বা জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সামরিক অভিযানেও এ ধরনের স্বয়ংক্রিয় উড়োজাহাজ ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, প্রযুক্তিটির আরও উন্নয়ন হলে ভবিষ্যতে পাইলটবিহীন উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
সূত্র: সামা টিভি



