tanaka
প্রচ্ছদসারাদেশকুমিল্লায় সাহসিকতার স্বীকৃতি পেলেন ডিবির এসআই অর্ণব

কুমিল্লায় সাহসিকতার স্বীকৃতি পেলেন ডিবির এসআই অর্ণব

কুমিল্লায় অপরাধ দমন, ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাহসিকতার বিপিএম পদক পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই অর্ণব বড়ুয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে এ পদক তুলে দেন।

গত বছরের ১৮ জুলাই থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক অভিযানে অর্ণব বড়ুয়ার নেতৃত্বে অন্তত ৫৩ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও ডাকাতি-লুণ্ঠনের মালামালও উদ্ধার করেছে ডিবি।

জেলা ডিবি সূত্র জানায়, দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও সদর দক্ষিণসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, রিভলবার, দেশীয় এলজি, কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি, কোড়াবারি উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, পিকআপ, সিএনজি ও হাইয়েস গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার পাশাপাশি নোয়াখালী ও ফেনী জেলার অন্তত এক ডজন চুরি ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন হয়েছে। এর মধ্যে সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ ভরি ৭ আনা স্বর্ণ।

এ ছাড়া কুমিল্লায় সংঘটিত একাধিক আলোচিত ক্লুলেস হত্যা মামলারও দ্রুত তদন্তে সাফল্য পেয়েছেন এসআই অর্ণব বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্স। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করা হয়। একইভাবে বুড়িচংয়ের কলেজছাত্র তুহিন হত্যা, সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণও নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায়ও একজন আসামিকে গ্রেফতার করেছে ডিবি।

মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার জব্দ করে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এসআই অর্ণব বড়ুয়া একজন পেশাদার, দক্ষ ও সাহসী কর্মকর্তা। তার বিপিএম পদক অর্জনে তারা গর্বিত।