tanaka
প্রচ্ছদজাতীয়দেশজুড়ে বিশেষ হাম-রুবেলা টিকাদান, আওতায় আসবে ৩৪ লাখ শিশু

দেশজুড়ে বিশেষ হাম-রুবেলা টিকাদান, আওতায় আসবে ৩৪ লাখ শিশু

নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাওয়া প্রায় ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলার টিকার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ এই টিকাদান কার্যক্রমে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সি, অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি যেসব শিশু নিয়মিত কর্মসূচির মাধ্যমে হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে এ কার্যক্রম চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচি শুরুর আগে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে মাঠপর্যায়ের সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়। ওই নির্দেশনায় নিজ নিজ এলাকার ছয় থেকে ৫৯ মাস বয়সি হাম ও রুবেলার টিকা না পাওয়া শিশুদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তিন দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছিল।

মাঠপর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করা হয়েছে। এসব শিশুকে টিকাদানের আওতায় এনে হাম ও রুবেলার সংক্রমণ থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই সরকার বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছে।