tanaka

ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর...
প্রচ্ছদসারাদেশজেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হবে। পাশাপাশি পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ইতোমধ্যে একাধিক আলোচনা ও পরামর্শ হয়েছে। কর্মসংস্থানের চাহিদা ও জোগানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা সরাসরি জেলা পর্যায়ে পৌঁছে যাব। স্থানীয় নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের একটি কার্যকর প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।’

এ উদ্যোগের আওতায় চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি খাতকেও সরাসরি যুক্ত করা হবে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, উদ্যোগটি প্রথমে বিভাগীয় পর্যায়ে চালু করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসাই এর অন্যতম উদ্দেশ্য।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো (জুলাই ২০২৬-জুন ২০৩১) এবং এসডিজি’ নিয়ে আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, দেশের কোনো নাগরিক যেন উন্নয়ন ও জাতীয় প্রবৃদ্ধির সুফল থেকে পিছিয়ে না থাকেন, সরকার সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় যুক্ত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ফলে প্রশাসনিক জবাবদিহি ও দায়বদ্ধতা আরও জোরদার হয়েছে। প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

কর্মসংস্থান ও স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে শিগগিরই ১ লাখ নতুন পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা, সামাজিক মূল্যবোধ ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তৈরিতে জোর দেওয়া হবে।

পর্যায়ক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘মিড-ডে মিল’ চালু এবং অভিন্ন পোশাকের ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানান তিনি। শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত বৈষম্য কমাতে ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় উদ্যোগ

জ্বালানি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কারণে এ খাত বর্তমানে চাপের মুখে রয়েছে। অল্প সময়ে সব সমস্যা সমাধান সম্ভব নয়। তবে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ উত্তোলনে সরকার কাজ করছে।

সম্প্রতি একটি এফএসআরইউ কারিগরি সমস্যায় পড়ায় গ্যাস সরবরাহে সাময়িক সংকট তৈরি হলেও তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মধ্যমেয়াদে জ্বালানি সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, পানিসম্পদ ব্যবস্থাপনায় খাল খনন এবং শহর-গ্রামের সুযোগ-সুবিধার বৈষম্য কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, সংসদ সদস্য মাধবী মারমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।