জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে আলোচনা করতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাপান সফররত এনসিপি প্রতিনিধি দলের সদস্যদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, টোকিওতে বাংলাদেশ দূতাবাসে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য মাহাবুব আলম এবং দলের এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় প্রবাসীদের অভিবাসন-সংক্রান্ত জটিলতা, চাকরি ও শিক্ষাসংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের জাপান-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন এনসিপি নেতারা। তারা বলেন, “এ ধরনের ফ্লাইট চালু হলে দুদেশের মধ্যে ব্যবসা, যোগাযোগ এবং প্রবাসীদের সুবিধা বহুগুণে বাড়বে।”
এছাড়া জাপানে মৃত্যু হলে প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজভাবে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা আরও সহজ করতে দূতাবাসের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে।
সভায় আরও আলোচনা হয়—জাপানে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে করণীয়, এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজীকরণের উপায় নিয়ে।
মতবিনিময় শেষে এনসিপি প্রতিনিধি দল দূতাবাসের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখে।



