পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে ব্যক্তিগত দায়-দায়িত্বও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ব্যক্তির দায়িত্বটুকু আমাদের নিতে হবে।”
‘বিশ্ব ওজোন দিবস-২০২৫’ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “সরকার বন রক্ষা করবে, কিন্তু পরিবেশবান্ধব জীবনযাপন অনেকাংশেই ব্যক্তির ইচ্ছা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আপনি কতক্ষণ এসি চালাবেন, আপনার ঘরের পরিবেশ কতটা স্বাস্থ্যসম্মত হবে, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে কিনা—এসব সিদ্ধান্ত ব্যক্তিগত পর্যায়ে নেওয়া দরকার।”
তিনি আরও বলেন, “আমরা আন্তর্জাতিকভাবে ওজোন স্তর সুরক্ষার ক্ষেত্রে যেমন সফলতা দেখিয়েছি, তেমনি জলবায়ু পরিবর্তন রোধেও আমাদের আগ্রহী হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের এখনও ঘাটতি রয়েছে।”
আলোচনার একপর্যায়ে উপদেষ্টা বলেন, “ভালো কাজকে উৎসাহিত করা জরুরি। একটি জাতি গড়ে ওঠে ইতিবাচক মনোভাব ও সহযোগিতার ভিত্তিতে, সন্দেহ আর নেতিবাচকতা দিয়ে নয়। আমরা অনেক সময় শুধু ভুল ধরতেই ব্যস্ত থাকি, কিন্তু প্রশংসা আর উৎসাহ দেওয়া উচিত।”
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। আলোচনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন মাহী।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।



