চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাত থেকে সোমবার (২৩ জুন) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শেখ আশিক।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালিত হচ্ছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



