রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির দাবি, উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংস্থাটির অভিযোগ, এ সময় প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।
এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং সিটি করপোরেশনের প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করে। আহত কর্মীদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত করতে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয় এবং ইটপাটকেল ছোড়া হয়। তবে নিরাপত্তাকর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।



