ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন:
- মো. জুয়েল রানা (৩৫) – পাবনার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান
- আল নমান সাইফ (২৯) – চট্টগ্রাম মহানগরের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী
- মো. জুলহাস (২৬) – চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী
- ইমন হোসেন খান মানিক (২৫) – ছাত্রলীগ কর্মী
- মো. সাগর হোসেন (২৭) – আওয়ামী লীগ কর্মী
- মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩) – আওয়ামী লীগ কর্মী
ডিসি তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে পুলিশ গোপন তথ্য পায় যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছে এবং স্লোগান দিচ্ছে।
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ২টা ৪৫ মিনিটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩০-৪০ জন মুখে মাস্ক পরে পালিয়ে যায়। এ সময় ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



