কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সংকটময় সময়ে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, যা মুক্তিযুদ্ধকে নতুন গতি ও অনুপ্রেরণা জুগিয়েছিল।
শনিবার (৩০ মে) দুপুরে ইটনা সদরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। তার ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল অর্থনৈতিক সততা, প্রশাসনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব। তিনি আরও বলেন, জিয়াউর রহমান মানুষের প্রতি গভীর আস্থা রাখতেন। মানুষের প্রতি সেই বিশ্বাস ও সরলতার কারণেই জীবনের শেষ সময়ে তিনি নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্ক ছিলেন না। শেষ পর্যন্ত মানুষের প্রতি তার অগাধ বিশ্বাসের মূল্য তাকে জীবন দিয়েই দিতে হয়েছে।
তিনি বলেন, সামরিক পটভূমি থেকে উঠে এলেও জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। রাজনৈতিক দল গঠনের সুযোগ সৃষ্টি এবং নির্বাচনী রাজনীতির পথ সুগম করার মাধ্যমে তিনি গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করেছিলেন।
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, সততা ও জনকল্যাণমুখী নেতৃত্বের অভাবে দেশ বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছে। জিয়াউর রহমানের মতো দায়িত্বশীল ও সৎ নেতৃত্ব থাকলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ অবস্থানে পৌঁছাতে পারত।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে তিনি দেশের মানুষের কাছে বিশেষ মর্যাদা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



