tanaka
প্রচ্ছদসারাদেশহিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৫

হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৫

কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এসএম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কলাতলী ভাঙার মোড় এলাকার সৈকত পয়েন্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাগরে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ পর্যটকের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সাগরের জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দা ও সৈকতের উদ্ধারকারী দলের সদস্যরা সেটি উদ্ধার করেন।

নিহত নিবিড় রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন সৈকত পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় সাগরের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের টানে তাঁরা ভেসে যান।

ঘটনার দিনই উদ্ধারকারীরা তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেন। তবে তখনও নিখোঁজ ছিলেন আরও দুজন। পরে বৃহস্পতিবার সকালে হারুন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ সন্ধ্যায় নিবিড়ের মরদেহ ভেসে উঠলে নিখোঁজ পাঁচ পর্যটকের সবার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান শেষ হয়।

কক্সবাজারের কলাতলী ও হিমছড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।