tanaka

সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কক্সবাজারে কী করছেন অভিনেত্রী?

সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে নতুন লুকে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ...
প্রচ্ছদরাজনীতিদেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ কোনো ব্যক্তি, পরিবার, রাজনৈতিক দল বা সরকারের একার নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ২০ কোটি মানুষের দেশ। তাই দেশকে এগিয়ে নিতে এবং সুন্দরভাবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।

তিনি বলেন, উন্নত দেশগুলোর পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখে অনেক সময় আমাদেরও ভালো লাগে। কিন্তু সেই পরিবেশ গড়ে ওঠে শুধু সরকারের উদ্যোগে নয়, বরং জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে। একজন সাধারণ নাগরিকও নিজের দায়িত্ব পালন করে এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তারেক রহমান আরও বলেন, নিজের পোশাকে সামান্য দাগ লাগলেও যেমন অস্বস্তি লাগে, তেমনি আমরা যে এলাকায় বসবাস করি সেটি অপরিচ্ছন্ন থাকলেও তা আমাদের জন্য সুখকর হতে পারে না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, “দেশটি কোনো সরকারের একার নয়, কোনো রাজনৈতিক দলেরও নয়। এটি লাখো-কোটি মানুষের দেশ। আমরা প্রত্যেকেই এই দেশের মালিক। তাই দেশকে গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।