নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ও তাঁর সঙ্গী আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড় নিকোলাস কিনান প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সারোগেট মায়ের সহায়তায় তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আগামী ২০২৭ সালে শিশুটির জন্ম হওয়ার কথা রয়েছে। গত সোমবার ইনস্টাগ্রামে নিজেই এ সুখবর জানিয়েছেন ৩৯ বছর বয়সী জেটেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’ বার্তার সঙ্গে শিশুর মাথা ও দুধের বোতলের ইমোজিও যুক্ত করেন তিনি।
সন্তান লাভের এই প্রক্রিয়ায় সহায়তা করায় ডিম্বাণু দাতা, সারোগেট মা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেটেন। তাঁদের সহযোগিতা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।
বিয়ের পরিকল্পনা পিছিয়ে দেন জেটেন ও কিনান
রব জেটেন ও নিকোলাস কিনানের বাগদান সম্পন্ন হয়েছে। চলতি গ্রীষ্মে তাঁদের বিয়ে করার পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠানটি পিছিয়ে দেন তাঁরা।
এর আগে, প্রায় এক বছর আগে জেটেনের রাজনৈতিক দল ডি৬৬ অপ্রত্যাশিতভাবে নির্বাচনে জয়ী হলে তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন। একই সঙ্গে তিনি দেশটির প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী হিসেবেও পরিচিতি পান।
বাণিজ্যিক নয়, বন্ধুত্বের সহায়তায় সন্তান লাভ
জেটেনের দল ডি৬৬ জানিয়েছে, এই দম্পতিকে সন্তান লাভে সহযোগিতা করছেন তাঁদের দুই ডাচ বন্ধু—একজন ডিম্বাণু দাতা এবং অন্যজন সারোগেট মা। তাঁদের দুজনেরই নিজেদের সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তাঁরা জেটেন ও কিনানকে এই প্রক্রিয়ায় সহায়তা করছেন।
নেদারল্যান্ডসে সারোগেসির বিনিময়ে অর্থ প্রদান আইনত নিষিদ্ধ। ডি৬৬-এর ভাষ্য অনুযায়ী, জেটেন ও কিনানের সন্তান নেওয়ার পুরো প্রক্রিয়াটি দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই সম্পন্ন হচ্ছে। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসে পরিচালিত আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
সন্তানের জন্মের সময় ছুটি নেবেন প্রধানমন্ত্রী
সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকতে কয়েক দিনের ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে রব জেটেনের। তবে দীর্ঘমেয়াদি পিতৃত্বকালীন ছুটি নেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই বলে জানিয়েছে দল ডি৬৬।
প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় থাকা এই দম্পতির ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছেন জেটেন নিজেই।



