সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহতদের একজন সৌদি আরবের নাগরিক এবং অন্যজন ভারতের নাগরিক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, হামলায় প্রথমে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও পরবর্তী সময়ে তা সংশোধন করে নিহতের সংখ্যা দুজন বলে নিশ্চিত করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহত আটজনের মধ্যে সৌদি আরবের একজন, ভারতের দুজন, ইয়েমেনের দুজন, বাংলাদেশের দুজন এবং নেপালের একজন নাগরিক রয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জিএসিএ আরও জানিয়েছে, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। একই সঙ্গে দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এসব হামলার জেরে রিয়াদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে এবং বড় একটি বিনিয়োগ সম্মেলনও পিছিয়ে দিতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপির করা হিসাব অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ২২ জন নিহত হয়েছেন। এর আগে গত ১১ অক্টোবরও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল।
সূত্র: ডেইলি সাবাহ, বিবিসি



