জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ।
সোমবার (২০ অক্টোবর) রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করবেন। এর আগে, টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।
এর পরদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার দিন ধার্য করেন।
এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তাদের মধ্যে তদন্ত কর্মকর্তাসহ দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দিয়েছেন। তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী উপস্থাপনের সুযোগ পাননি।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজই আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।



