কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের কাজের জন্য সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব ধরনের লেনদেন নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হবে ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। কোর ব্যাংকিং ব্যবস্থার সফটওয়্যার ও ডেটাবেজের উন্নয়ন এবং হালনাগাদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাংক দুটিও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের লেনদেন বন্ধ থাকার বিষয়টি জানিয়েছে। এ পরিস্থিতিতে জরুরি আর্থিক লেনদেনের প্রয়োজন হলে নির্ধারিত সময় শুরুর আগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



