রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে লাশ হস্তান্তরের কার্যক্রম শুরু হয়ে রাত সাড়ে ১২টার দিকে শেষ হয়।
রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, মালিবাগ সিআইডির ফরেনসিক বিভাগ থেকে ১৬ জনের ডিএনএ নমুনা মিলিয়ে শনাক্ত করা হয়। পরে স্বজনদের উপস্থিতিতে পর্যায়ক্রমে লাশ হস্তান্তর সম্পন্ন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশু, তরুণ ও মধ্যবয়সী নারী-পুরুষ রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে—মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮), মো. ছানোয়ার হোসেন (২৫), নূরে আলম সরকার (২৩), আল মামুন (৩৮), রবিউল ইসলাম রবিন (২০), ফারজানা আক্তার (১৫) এবং খালিদ হাসান সাব্বির (২৯)।
এর আগে ১৫ ও ১৬ অক্টোবর দুই দফায় ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। নিহতদের দাফনের জন্য দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন স্বজনদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।



